শিক্ষা ডেস্ক
ঢাকা: শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মনন বিকাশের সবচেয়ে বড় জাতীয় আয়োজন ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘একাডেমিক শিক্ষার পাশাপাশি ১৯টি সৃজনশীল ইভেন্ট ও সহপাঠ্যক্রম কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা তুলে ধরছেন। উপজেলা থেকে জেলা, অঞ্চল হয়ে জাতীয় পর্যায় পর্যন্ত এই প্রতিযোগিতার মাধ্যমে সেরাদের নির্বাচিত করা হয়েছে।’
সেরাদের স্বীকৃতি ও ভবিষ্যৎ নেতৃত্ব: প্রফেসর হান্নান উল্লেখ করেন, দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের অবদানের স্বীকৃতি দিতেই সরকার প্রতিবছর এই আয়োজন করে। এটি শিক্ষা পরিবারের সবচেয়ে বড় উৎসব। তিনি আশা প্রকাশ করেন, আজকের বিজয়ীরাই ভবিষ্যতে সাহিত্য, সংস্কৃতি ও সমাজ পরিচালনায় নেতৃত্ব দেবেন এবং দেশ গঠনে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
বাংলাফ্লো/এফআইআর






