আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সৌদি আরবের শ্রমবাজারে প্রবাসীদের জন্য আবারও দুঃসংবাদ। এবার মার্কেটিং (বিপণন) ও সেলস (বিক্রয়) খাতে বিদেশি কর্মীদের সুযোগ কমিয়ে নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করার কঠোর উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। সোমবার (১৯ জানুয়ারি) দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নতুন এক নির্দেশনায় জানিয়েছে, এই দুই খাতের প্রতিষ্ঠানগুলোতে মোট জনবলের ৬০ শতাংশই হতে হবে সৌদি নাগরিক।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানে তিন বা ততোধিক কর্মী রয়েছেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। শুধু তাই নয়, এসব পদে নিয়োগপ্রাপ্ত সৌদি নাগরিকদের নূন্যতম মাসিক বেতন হতে হবে ৫ হাজার ৫০০ রিয়াল। সরকারি এই সিদ্ধান্ত ঘোষণার তিন মাস পর থেকে কার্যকর হবে।
কোন কোন পদে প্রভাব পড়বে? বিপণন বা মার্কেটিং খাতে যে পদগুলোতে এখন থেকে ৬০ শতাংশ স্থানীয় কর্মী নিয়োগ দিতে হবে সেগুলো হলো—মার্কেটিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং এজেন্ট, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, অ্যাডভারটাইজিং ডিজাইনার এবং পাবলিক রিলেশন্স বা জনসংযোগ কর্মকর্তা।
অন্যদিকে সেলস খাতে—সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেলস স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্ট পদেও একই নিয়ম কার্যকর হবে।
সৌদি মন্ত্রণালয়ের দাবি, এই সিদ্ধান্তের ফলে স্থানীয় শ্রমবাজার আরও আকর্ষণীয় হবে, নাগরিকদের জন্য মানসম্মত কাজের সুযোগ তৈরি হবে এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত হবে। তবে এর ফলে এই দুই খাতে কর্মরত অসংখ্য প্রবাসী চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন।
বাংলাফ্লো/এফআইআর






