বিনোদন ডেস্ক
ঢাকা: ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে মুখরিত ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল। গত ১০ জানুয়ারি শুরু হওয়া ৯ দিনব্যাপী এই উৎসবের সমাপনী অনুষ্ঠান ছিল রোববার (১৮ জানুয়ারি)। জাতীয় জাদুঘর মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে উৎসবের ইতি টানা হয়। এবারের আসরে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
উৎসবে সেরা চলচ্চিত্রের গৌরব অর্জন করেছে কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’। পিতৃতান্ত্রিক সমাজে নারীর অধিকার লঙ্ঘনের বাস্তব চিত্র ফুটিয়ে তোলায় জুরি বোর্ডের মন জয় করেছে ছবিটি। সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন আজারবাইজানের এমিন আফান্দিয়েভ, তার ‘আ লোনলি পারসন মনোলোগ’ সিনেমার জন্য। অভিনয়ে শ্রেষ্ঠত্ব দেখিয়ে সেরা অভিনেতা হয়েছেন কাজাখস্তানের ইয়ারলান (‘আবেল’ সিনেমা) এবং সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইরানের ফারিবা নাদেরি (‘দ্য হাসব্যান্ড’ সিনেমা)।
দেশীয় চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশ প্যানোরামা বিভাগে ফিপ্রেস্কি জুরির রায়ে সেরা হয়েছে মনিরুল হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। দর্শকদের ভোটে (অডিয়্যান্স অ্যাওয়ার্ড) সেরা হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘ড্রেইনড বাই ড্রিমস’ এবং চীনের ‘অল কোয়াইট অ্যাট সানরাইজ’।
বাংলাফ্লো/এফআইআর






