স্পোর্টস ডেস্ক
ঢাকা: : টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ক্ষতিপূরণ ইস্যুতে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ক্রিকেটাররা বিপিএল বর্জনের হুমকি দেওয়ার পর আজ বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানাল দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে তার আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। তার জবাব পাওয়ার পরই বোর্ড পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। একইসঙ্গে বোর্ড সদস্যের এমন অপেশাদার আচরণের জন্য পুনরায় দুঃখপ্রকাশ করেছে বিসিবি। তারা নিশ্চিত করেছে যে, ক্রিকেটারদের সম্মান ও ক্রিকেটের মূল্যবোধ রক্ষায় বিসিবি সবসময় নিজস্ব নিয়মনীতি মেনে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে বিপিএলের শেষ ধাপ নির্বিঘ্নে সম্পন্ন করতে ক্রিকেটারদের সহযোগিতা চেয়েছে বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রিকেটাররাই বিপিএল ও বোর্ডের মূল প্রাণশক্তি। তাই টুর্নামেন্টের স্বার্থে এবং পেশাদারিত্বের জায়গা থেকে খেলোয়াড়রা তাদের পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করে মাঠে ফিরবেন বলে আশা করছে বিসিবি।
উল্লেখ্য, গতকাল বুধবার বিশ্বকাপের ক্ষতিপূরণ প্রসঙ্গে এম নাজমুল ইসলাম বলেছিলেন, ‘‘ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়, কিন্তু তারা কোনো ট্রফি আনতে পারে না। তাহলে কি আমরা সেই টাকা ফেরত চাইব?’’ তার এই মন্তব্যের পরই উত্তাল হয়ে ওঠে ক্রিকেট পাড়া। ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দেয় এবং এর জেরে আজ সকালে বিপিএলের ম্যাচ বয়কট করে হোটেলে অবস্থান নেন খেলোয়াড়রা।
বাংলাফ্লো/এফআইআর






