বিনোদন ডেস্ক
ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের প্রকাশ্য বিরোধ ও কড়া সমালোচনার মাঝেই বড় স্বীকৃতি পেলেন জনপ্রিয় সঞ্চালক জিমি কিমেল। ৩১তম বার্ষিক ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস’-এ তার অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’ সেরা টক শোর পুরস্কার জিতেছে। তবে পুরস্কার গ্রহণের মঞ্চেও ট্রাম্পকে ছেড়ে কথা বলেননি এই কমেডিয়ান; বরং নিজের জয়ের পুরো কৃতিত্ব ‘ব্যঙ্গাত্মকভাবে’ ট্রাম্পকেই দিয়েছেন। ট্রাম্পকে উদ্দেশ্য করে কিমেল বলেন, “আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে। তিনি না থাকলে আজ রাতে আমাদের খালি হাতে বাড়ি ফিরতে হতো।” তিনি আরও যোগ করেন, প্রেসিডেন্ট প্রতিদিন যেসব হাস্যকর কাণ্ড ঘটাচ্ছেন, তার জন্যই তার শো এত জনপ্রিয়তা পাচ্ছে এবং তিনি আবারও ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে কথা বলার জন্য মুখিয়ে আছেন।
বক্তব্যের এক পর্যায়ে কিমেল তার লেখক, অভিনয়শিল্পী ও প্রযোজকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বাকস্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই শহরে বা দেশে বাকস্বাধীনতা হালকাভাবে নেওয়া হয় না, এটি তার দলের সাহস প্রমাণ করেছে। এবিসি নেটওয়ার্কে ২০০৩ সাল থেকে প্রচারিত ‘জিমি কিমেল লাইভ’ মার্কিন রাজনীতি ও সমসাময়িক ঘটনা নিয়ে স্যাটায়ার করার জন্য বিখ্যাত। বিশেষ করে ট্রাম্পের সঙ্গে কিমেলের ‘দ্বৈরথ’ বিশ্বজুড়ে পরিচিত; ট্রাম্প তাকে ‘অযোগ্য’ বললে কিমেলও অস্কারের মঞ্চ থেকে শুরু করে সব জায়গায় পাল্টা জবাব দিয়ে আসছেন। সম্প্রতি ডিজনির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তিবদ্ধ হওয়া এই উপস্থাপকের পুরস্কার জয় প্রমাণ করল, ট্রাম্পের বিরোধিতাই তাকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে।
বাংলাফ্লো/এফআইআর






