বিনোদন ডেস্ক
ঢাকা: নতুন বছর ২০২৬-এর শুরুতেই ভক্তদের জন্য ধামাকা বার্তা নিয়ে এলেন ঢালিউড হার্টথ্রব সিয়াম আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টে তিনি ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিগত বছরের সাফল্যের স্মৃতিচারণ করেছেন। সিয়াম সাফ জানিয়ে দিয়েছেন, নতুন বছরে তিনি পর্দায় আগুন ধরাতে আসছেন।
সিয়াম উল্লেখ করেন, ২০২৫ সালটি শুরু হয়েছিল অনেক আশঙ্কা আর অনিশ্চয়তা নিয়ে। তবে ঈদের সিনেমা ‘জংলি’ সব পাল্টে দেয়। তিনি লিখেন, “লাখ লাখ মানুষ পরিবার নিয়ে সিনেমাটি দেখেছেন। হলে লুকিয়ে দেখেছি—বাবা সন্তানকে আগলে ধরে বসে আছেন, মায়ের চোখ দিয়ে পানি ঝরছে। আপনাদের সেই ভালোবাসা দেখে আমারও চোখ ভিজে উঠেছে।”
শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় ‘আরমান মনসুর’ চরিত্রে স্বল্প সময়ের উপস্থিতিতেই বাজিমাত করেছেন সিয়াম। এ প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা জনি কিংবা জংলিকে যেমন আপন করে নিয়েছেন, ঠিক তেমনই আরমান মনসুরকে দেখে বিস্মিত হয়েছেন। অল্প সময়ের চরিত্র নিয়ে পোস্টার, মিম, ভিডিও ম্যাশআপ—এই ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
নতুন বছরে দর্শকদের জন্য ভিন্নস্বাদের গল্প ও চরিত্র উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সিয়াম। নিজের পরিকল্পনা জানাতে গিয়ে তিনি লিখেন, “এবার নতুন চ্যালেঞ্জের পালা। এমন কিছু গল্প হাতে নিয়েছি, যেখানে ‘রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠবে’। তাই সিনেমাহলের সিটটি শক্ত করে ধরুন। কারণ আমি পর্দায় আগুন ধরাতে আসছি।”
বাংলাফ্লো/এফআইআর






