বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার চূড়ান্ত ধাপ সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন চত্বরের ইটিআই (ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট) ভবনে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দেন তিনি। মাত্র ২০ মিনিটের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ২০ মিনিটে তিনি ইসি ভবন ত্যাগ করেন।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারেক রহমান আগেই অনলাইনে ফরম পূরণ করে রেখেছিলেন। আজ কেবল বায়োমেট্রিক (আঙুলের ছাপ ও চোখের আইরিশ) দিতে এসেছিলেন। ডিজি বলেন, “এখন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য যাচাই করবে। সব ঠিক থাকলে আগামী ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তার এনআইডি নম্বর জেনারেট হবে। এরপর এসএমএস-এর মাধ্যমে তিনি জানতে পারবেন এবং কার্ড সংগ্রহ করতে পারবেন।”
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আগারগাঁও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীন। পুলিশ ও র্যাবের কড়া পাহারার মধ্যেও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হন। দুপুর ১টা ২০ মিনিটে তারেক রহমানের গাড়িবহর বেরিয়ে যাওয়ার সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় তিনি গাড়িতে বসেই হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
দীর্ঘ ১৭ বছর ৩ মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এটিই ছিল তারেক রহমানের প্রথম প্রশাসনিক পদক্ষেপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে তিনি এই নিবন্ধন সম্পন্ন করলেন।
বাংলাফ্লো/এফআইআর






