বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সূর্যাস্তের আগে পৌঁছাতে না পারার কারণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সরাসরি শ্রদ্ধা জানাতে পারলেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করা যায় না। তাই শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তার পক্ষে দলের জ্যেষ্ঠ নেতারা শ্রদ্ধা নিবেদন করেছেন।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ও মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।
শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর জিয়া উদ্যানে (চন্দ্রিমা উদ্যান) বাবা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তারেক রহমান। সেখানে নেতাকর্মীদের ভিড় ও আনুষ্ঠানিকতা শেষ করে সাভারে পৌঁছাতে দেরি হয়ে যায়। সূর্যাস্তের সময়ের বাধ্যবাধকতা থাকায় তিনি আর সাভারের পথে যাননি। এর আগে গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন বিএনপির এই শীর্ষ নেতা।
বাংলাফ্লো/এফআইআর






