বিনোদন ডেস্ক
ঢাকা: ঢালিউডে যখন দর্শক খরা আর সিনেমা হিট না হওয়ার হাহাকার, তখন নীরবে এক নতুন ইতিহাস গড়ল তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার ৪ মাস পেরিয়ে গেলেও প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে দাপটের সঙ্গে। টানা ২০০ দিন ধরে প্রদর্শিত হয়ে বাংলা সিনেমার ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে তারকাবহুল এই ছবিটি।
সাধারণত ওটিটিতে মুক্তির পর প্রেক্ষাগৃহে দর্শক পাওয়া যায় না। কিন্তু ‘উৎসব’ সেই ধারণা পাল্টে দিয়েছে। রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাস এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে এখনো ছবিটি চলছে এবং দর্শক উপস্থিতিও চোখে পড়ার মতো। ব্লকবাস্টারে একটি এবং লায়ন সিনেমাসে চলছে ছবিটির তিনটি শো।
প্রযোজক ও পরিচালকের জন্য ‘উৎসব’ এখন আয়ের এক বড় উৎস। বিশেষ উপলক্ষ ছাড়া যেখানে সিনেমা চলে না, সেখানে ২০০ দিনে শুধু টিকিট বিক্রি থেকেই দেশের বাজার থেকে ছবিটি আয় করেছে ১০ কোটি টাকার বেশি। বিদেশের বাজার মিলিয়ে এই আয়ের পরিমাণ ছাড়িয়েছে ১৩ কোটি টাকা।
জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি ও তারিক আনাম খানের মতো বাঘা বাঘা অভিনেতাদের এক ফ্রেমে এনেছিলেন তানিম নূর। সঙ্গে ছিলেন সাদিয়া আয়মান, সুনেরাহ বিনতে কামাল ও ইন্তেখাব দিনারের মতো শিল্পীরা। সাফল্য নিয়ে পরিচালক তানিম নূর বলেন, “খবরটি আনন্দের। এরই মধ্যে আমি আমার পরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর কাজ শুরু করেছি, আর ‘উৎসব’ এখনো চলছেই।”
গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। দর্শক ও সমালোচকদের মতে, শক্তিশালী গল্প আর দুর্দান্ত অভিনয়ের কারণেই ‘উৎসব’ এই দীর্ঘ দৌড়ে টিকে আছে।
বাংলাফ্লো/এফআইআর






