স্পোর্টস ডেস্ক
ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলের হারের জ্বালা না মিটতেই বড় দুঃসংবাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ভিলা পার্কে রোববারের ম্যাচে ঊরুর চোটে পড়েছেন দলের অধিনায়ক ও অন্যতম সেরা তারকা ব্রুনো ফের্নান্দেস। কোচ রুবেন আমোরিম নিশ্চিত করেছেন, এই চোটের কারণে আসন্ন কয়েকটি ম্যাচে পর্তুগিজ এই মিডফিল্ডারকে দর্শক হয়েই থাকতে হবে।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ঊরু ধরে ব্যথায় কাতরাতে দেখা যায় ব্রুনোকে। কোনোমতে প্রথমার্ধ শেষ করলেও বিরতির পর আর মাঠে নামেননি তিনি। তার পরিবর্তে নামানো হয় লিসান্দ্রো মার্তিনেজকে।
ম্যাচ শেষে ম্যানইউ কোচ রুবেন আমোরিম বলেন, “আমার মনে হয়, এটা সফট টিস্যু সমস্যা। হয়তো কয়েক ম্যাচ খেলতে পারবে না সে। আমি নিশ্চিতভাবে জানি না, তবে এসব আমাদের নিয়ন্ত্রণে নেই। সে সবসময় ফিট থাকে, আশা করি দ্রুত সেরে উঠবে।”
ব্রুনোর ইনজুরি রেড ডেভিলদের জন্য বড়সড় ধাক্কা। কারণ, আফ্রিকা নেশনস কাপ (AFCON) খেলতে দলের বাইরে আছেন আমাদ দিয়ালো ও নৌসাইর মাজরাউনি। এছাড়া ইনজুরিতে রয়েছেন মাথিয়াস ডি লিট, হ্যারি মাগুইরে এবং কোবি মাইনু। পরিস্থিতির ভয়াবহতা এতটাই যে, ভিলার বিপক্ষে ১৮ বছর বয়সী জ্যাক ফ্লেচার ও শিয়া লাসিকে অভিষেক করাতে বাধ্য হয়েছেন কোচ। আগামী ২৬ ডিসেম্বর ‘বক্সিং ডে’ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে ব্রুনোকে না পাওয়াটা দলের জন্য বড় শঙ্কার কারণ।
২০২০ সালে ম্যানইউতে যোগ দেওয়ার পর থেকে ব্রুনো ফের্নান্দেস ফিটনেসের অনন্য নজির স্থাপন করেছেন। ইনজুরির কারণে তিনি এর আগে মাত্র দুইবার ম্যাচ মিস করেছেন—২০২২ সালের মার্চে ফ্লুর কারণে এবং ২০২৪ সালের মে মাসে হাঁটুর চোটে। নিউক্যাসলের বিপক্ষে খেলতে না পারলে এটি হবে ইনজুরির কারণে তার তৃতীয়বারের মতো ছিটকে পড়া।
এদিকে, এই জয়ে অ্যাস্টন ভিলা ১৯৯০ সালের পর প্রথমবারের মতো টানা সপ্তম লিগ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে।
বাংলাফ্লো/এফআইআর






