আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: হলিউডের প্রখ্যাত নির্মাতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তাদের ছেলে নিক রেইনারের (৩২) বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে খুনের অভিযোগ দায়ের করতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। লস অ্যাঞ্জেলেস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হচম্যান মঙ্গলবার জানিয়েছেন, নিক রেইনারের বিরুদ্ধে ‘ফার্স্ট-ডিগ্রি মার্ডার’ বা প্রথম মাত্রার হত্যার দুটি অভিযোগ আনা হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডের বাসভবনে রব ও মিশেল রেইনারকে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এই জোড়া খুনের ঘটনায় নিক রেইনারের বিরুদ্ধে মারাত্মক ও প্রাণঘাতী অস্ত্র (ছুরি) ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হচম্যান জানান, বিচারে দোষী সাব্যস্ত হলে নিক রেইনারকে শর্তসাপেক্ষ মুক্তির সম্ভাবনা ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। তবে রাষ্ট্রপক্ষ চূড়ান্তভাবে মৃত্যুদণ্ড চাইবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নিক রেইনার বর্তমানে চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে কারা কর্তৃপক্ষ ছাড়পত্র দিলেই তাকে আনুষ্ঠানিকভাবে বিচারকের সামনে হাজির করা হবে এবং অভিযোগ পড়ে শোনানো হবে। স্থানীয় সময় মঙ্গলবার দিন শেষে তাকে আদালতে তোলার কথা ছিল।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডোনেল এক সংবাদ সম্মেলনে ঘটনাটিকে ‘হৃদয়বিদারক ও স্পর্শকাতর’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “শুধু রেইনার পরিবার ও তাঁদের প্রিয়জনেরাই নয়, গোটা শহরই এতে মর্মাহত। এ মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”
রব রেইনার ছিলেন হলিউডের অন্যতম সফল পরিচালক। ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘মিজারি’ ও ‘এ ফিউ গুড মেন’-এর মতো কালজয়ী সিনেমা নির্মাণ করেছেন তিনি। তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনার ছিলেন একাধারে অভিনেত্রী, আলোকচিত্রী ও প্রযোজক।
বাংলাফ্লো/এফআইআর






