বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ড থেকে খালাস পাওয়ার পর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম দলটির নায়েবে আমির হিসেবে শপথ নিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেন।
এটিএম আজহারকে নায়েবে আমির করা হলেও, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং কর্মপরিষদের অন্যান্য পদে এখনই কোনো পরিবর্তন আনা হয়নি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের জানান, গঠনতন্ত্র অনুযায়ী মজলিসে শুরার সদস্য নির্বাচন হলেও, সেক্রেটারি জেনারেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলো জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বহাল থাকবে। নির্বাচনের পরেই এগুলোতে পরিবর্তন আনা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এটিএম আজহারের মুক্তির বিষয়টি সামনে আসে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ তাঁর আপিল শুনানির অনুমতি দেন এবং ২৭ মে আদালত তাঁকে সব অভিযোগ থেকে বেকসুর খালাস দেন। দীর্ঘ ১৩ বছর কারাবন্দি থাকার পর ২৮ মে তিনি মুক্তি পান। কারামুক্তির পরপরই তাঁকে দলের নির্বাহী পরিষদের সদস্য করা হয়েছিল এবং এখন তিনি নায়েবে আমিরের দায়িত্ব পেলেন।
বাংলাফ্লো/এফআইআর






