জেলা প্রতিনিধি
খুলনা: খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলায় রাজেন ওরফে রাজন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় হাসিব (৩১) নামে আরেক যুবক গুরুতর আহত হলেও ঘটনার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
রবিবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে আদালতের প্রধান ফটকের সামনে এই নৃশংস ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রাজন এবং আহত হাসিব আদালতে হাজিরা দিয়ে বের হয়ে প্রধান ফটকের সামনে একটি মোটরসাইকেলে বসেছিলেন। ঠিক সেই মুহূর্তে ৪-৫টি মোটরসাইকেলে আসা ৬-৭ জন সন্ত্রাসী তাঁদের ঘিরে ধরে। সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায় এবং এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়।
নিহত ফজলে রাব্বি রাজন রূপসা উপজেলার রাগমারা গ্রামের এজাজের ছেলে। আহত হাসিব নগরীর নতুন বাজার এলাকার মান্নাফ মিয়ার ছেলে।
ঘটনার পর থেকে গুরুতর আহত হাসিবের কোনো হদিস মিলছে না। পুলিশ ধারণা করছে, রাজন ও হাসিবের সহযোগীরা তাঁকে লুকিয়ে ফেলেছে। তাঁকে উদ্ধারে শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পুলিশ তল্লাশি চালাচ্ছে। নিহত রাজনের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






