বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: প্রশাসনকে ‘আন্ডারে’ (কব্জায়) আনা এবং পুলিশের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনের মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনি মন্তব্য করেছেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী ‘একই মনমানসিকতার ধারক ও বাহক’।
সোমবার (২৪ নভেম্বর) এক ফেসবুক পোস্টে ইশরাক হোসেন এই প্রতিক্রিয়া জানান।
শাহজাহান চৌধুরীর বক্তব্যকে ধিক্কার জানিয়ে ইশরাক লিখেন, “পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোট ডাকাতি করার পরিকল্পনা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) ও জামায়াতে ইসলামী একই মনমানসিকতার ধারক ও বাহক তা বলা বাহুল্য।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে সব আসনে এই নব্য ফাসিবাদরা মাথাচাড়া দেবে, তাদের ঘরে ঢুকিয়ে দিতে হবে। …স্বৈরাচার আর রাজাকার, মিলে মিশে একাকার হয়ে গেছে। পুলিশ দিয়ে ভোট ডাকাতির বাসনা সেখান থেকেই এসেছে।”
এর আগে, গত শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে এক সমাবেশে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেছিলেন, “যার যার নির্বাচনী এলাকায়, যারা প্রশাসনে আছে, তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।”
তিনি আরও বলেছিলেন, “পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কী প্রোগ্রাম সকাল বেলায় জেনে নেবে, আর আপনাকে প্রোটোকল দেবে।”
যদিও জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান রোববার (২৩ নভেম্বর) জানিয়েছেন, শাহজাহান চৌধুরীর এই বক্তব্য একান্তই তাঁর নিজস্ব এবং দল এটি সমর্থন করে না। এ ঘটনায় অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
বাংলাফ্লো/এফআইআর






