ব্রাজিলের গণতন্ত্র বাতিলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার সাবেক প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে তাঁকে চলতি বছরের শুরুতে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, আর সেই দণ্ড কার্যকর শুরু হওয়ার আগেই শনিবার (২২ নভেম্বর) ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দেশটির কেন্দ্রীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অনুরোধে সুপ্রিম কোর্টের নির্দেশে বলসোনারোর বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএনকে একটি সূত্র জানিয়েছে, বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো একটি সমাবেশ আয়োজন করেন, যা সাবেক প্রেসিডেন্টের আবাসিক ভবনের সামনে হয়। এই সমাবেশের পরই বলসোনারোর বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়।
২০২২ সালে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে নির্বাচনে হেরে যান জেয়ার বলসোনারো। নির্বাচনে পরাজিত হওয়ার পরও ক্ষমতা ধরে রাখার চেষ্টার অভিযোগে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। ব্রাজিলের সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের একটি বেঞ্চ তাঁকে অভিযুক্ত করে, যার মধ্যে চারজনই তাঁর বিরুদ্ধে রায় দেন।
রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার পাশাপাশি বলসোনারোর বিরুদ্ধে সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগও আনা হয়েছে। তবে বলসোনারো শুরু থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করছেন।
বাংলাফ্লো/এফআইআর






