নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের কারণে সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম এবং জেসমিন বেগম নামে এক প্রতিবেশী আহত হয়েছেন। দুর্ঘটনাটি শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঘটে।
নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ ভূমিকম্প শুরু হলে ফাতেমার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম সড়কসংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় প্রচণ্ড ঝাঁকুনিতে ভুলতা-গাউছিয়া সড়কের পাশের একটি পুরোনো দেয়াল ধসে তাঁদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটি চাপা পড়ে মারা যায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত দেয়ালের নিচ থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করেন এবং আহত দুই নারীকে নিকটবর্তী প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূমিকম্পের কারণে দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, শিশুটির মা ও প্রতিবেশী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
বাংলাফ্লো/এফআইআর






