ইসি’র সংলাপে একসঙ্গে বিএনপি-জামায়াত ও নতুন দল এনসিপি
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপের শেষ ধাপ শুরু হতে যাচ্ছে আজ (বুধবার, ১৯ নভেম্বর)। এই চূড়ান্ত ধাপে, সবচেয়ে আলোচিত দুটি দল— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে ইসি। একই দিনে নিবন্ধিত দুটি নতুন দল— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কেও সংলাপে ডাকা হয়েছে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। আজ শেষ দিনের এই সংলাপে মোট ১৩টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্য দিয়ে চার দিনে মোট ৪৮টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হলো।
সংলাপে দলগুলোর পক্ষ থেকে নির্বাচনকালীন সরকার, ইসির দৃঢ়তা, আচরণবিধি প্রয়োগ এবং কালো টাকার প্রভাব নিয়ে বিভিন্ন দাবি ও উদ্বেগ জানানোর কথা রয়েছে। বহুল প্রতীক্ষিত এই শেষ ধাপের সংলাপে বিএনপি ও জামায়াতের অংশগ্রহণ এবং তাদের বক্তব্য কী হয়, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আমন্ত্রিত দলসমূহ:
সকালের সেশনে (৭ দল): বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ও বাংলাদেশ লেবার পার্টি।
দুপুরের সেশনে (৬ দল): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
বাংলাফ্লো/এফআইআর






