চীনের পণ্যে আরোপিত আমদানি শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে এক বছরের বাণিজ্য চুক্তি রয়েছে, যা নিয়মিতভাবে নবায়ন করা হবে বলে ট্রাম্প বৈঠকের পর জানিয়েছেন।
আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
ট্রাম্প বলেন, আমাদের চুক্তি হয়েছে, এবং এটি দুই দেশের জন্যই লাভজনক হবে। বেইজিংকে আবারও মার্কিন সয়াবিন কেনা শুরু করতে হবে, বিরল ধাতুর রপ্তানি অব্যাহত রাখতে হবে এবং অবৈধ ফেন্টানিল বাণিজ্য নিয়ন্ত্রণে আনতে হবে।
ট্রাম্প আরও ঘোষণা দেন, চীনের ওপর এই নতুন শুল্কহার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। একইসঙ্গে চীনের ফেন্টানিল পণ্যের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামানো হয়েছে। তিনি বলেন, বিরল খনিজ সংক্রান্ত সমস্যারও সমাধান হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন এবং এর পরপরই শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে যাবেন। এই মন্তব্য দুই পরাশক্তির মধ্যে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির দিকে অগ্রগতির ইঙ্গিত বহন করছে।


