পাকিস্তানের প্রায় এক-তৃতীয়াংশ করদাতা, যা মোট ৫.৫ মিলিয়ন রিটার্ন ফাইলের মধ্যে প্রায় ১.৭ মিলিয়ন শূন্য আয় ঘোষণা করেছেন। ফলে কর আদায়কারী সংস্থা ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর) কঠোর পদক্ষেপ নিচ্ছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম জিও নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এফবিআর জানিয়েছে, নয় লাখ সাতাত্তর হাজার রিটার্নে পূর্ববর্তী বছরের তুলনায় কম আয় ঘোষণা করা হয়েছে, যা তারা বর্তমানে পর্যালোচনা করছেন।
এদিকে কিছু রপ্তানিকারক ক্ষতির দাবি করেছেন, যার জন্য তাদের ৩১ অক্টোবরের পর নোটিশ পাঠানো হবে এবং আয় সংশোধন করার আদেশ দেয়া হবে বলে জানিয়েছে এফবিআর।
এফবিআর আরও জানায়, তারা দুই হাজার নতুন অডিটর নিয়োগ করেছেন এবং শীঘ্রই বিস্তৃত অডিট কার্যক্রম শুরু করবেন।
এফবিআরের চেয়ারম্যান রশিদ মাহমুদ লাংরিয়াল জানিয়েছেন, কর ফাইলকারীদের একাধিক সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং যারা তথ্য গোপন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, এফবিআর আশা করছে, শূন্য আয় ঘোষণা করা রিটার্ন থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তারা করের ভিত্তি সম্প্রসারিত করতে পারবেন।


