সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি আরও বলেন, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, দুর্ঘটনার তদন্তে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি বলেন, পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে যাওয়া নাশকতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে রোববার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের মরদেহ দেখতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘বাকি অংশ চালু করতে কিছুটা সময় লাগবে। কারণ ক্রেন আনতে হবে এবং পুনরায় যাতে দুর্ঘটনা না ঘটে, সে জন্য মেরামতের পর পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।’


