দিন যত বাড়ছে ততই জট বাড়ছে ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে। সিঙ্গাপুরে গায়কের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার বড়সড় মোড় নিলো।
এবার গ্রেপ্তার হলেন প্রয়াত গায়কের চাচাতো ভাই এবং আসাম পুলিশ সার্ভিসের (এপিএস) কর্মকর্তা সন্দীপন গার্গ। এই পুলিশ কর্মকর্তা গায়কের মৃত্যুর সময় তার সঙ্গে ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন বলে অভিযোগ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুবিন গার্গ যখন সিঙ্গাপুরের একটি দ্বীপের কাছে সাঁতার কাটার সময় মারা যান, তখন এই সন্দীপন গার্গও সেই ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন। উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতেই ৫২ বছর বয়সী গায়ক জুবিন গার্গ সিঙ্গাপুর গিয়েছিলেন। গত ১৯ সেপ্টেম্বর সেখানেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) একাধিক জিজ্ঞাসাবাদের পর সন্দীপনকে গ্রেপ্তার করা হয়। এর আগেও সিআইডি তাকে এবং গায়কের অন্যান্য ঘনিষ্ঠ সহযোগীকে জিজ্ঞাসাবাদ করেছিল।
বুধবার (৮ অক্টোবর) তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করার কথা রয়েছে।
সন্দীপন গার্গের আগে এই ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের মধ্যে রয়েছেন গায়কের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত এবং সংগীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত।- দ্য হিন্দু


