আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে সরাসরি ‘ব্ল্যাকমেইল’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং এর প্রধান রাষ্ট্রগুলো। এই উত্তেজনার জেরে সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববাজারে ডলারের বড়সড় দরপতন হয়েছে। বিনিয়োগকারীরা ডলার ছেড়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে জাপানি ইয়েন এবং সুইস ফ্রাঙ্কের দিকে ঝুঁকছেন।
ট্রাম্প গত সপ্তাহে হুমকি দেন, যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কিনতে না দিলে ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডের পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এর জবাবে ফ্রান্স নজিরবিহীন অর্থনৈতিক পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেছে।
এই অস্থিরতার প্রভাবে এশিয়ান ট্রেডিংয়ের শুরুতে ইউরো ও পাউন্ডের দরপতন ঘটলেও পরে তা ঘুরে দাঁড়ায়। ইউরো ০.২১ শতাংশ বেড়ে ১.১৬২৩ ডলারে এবং পাউন্ড ০.১১ শতাংশ বেড়ে ১.৩৩৯০ ডলারে লেনদেন হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নীতিগত অনিশ্চয়তার কারণে ডলারের ওপরই দীর্ঘমেয়াদি চাপ বাড়ছে, যাকে ‘পলিটিক্যাল রিস্ক প্রিমিয়াম’ বলা হচ্ছে। এদিকে, ক্রিপ্টোকারেন্সির বাজারেও বড় ধস নেমেছে; বিটকয়েনের দাম ৩ শতাংশ কমে ৯২ হাজার ৪৭৭ ডলারে এবং ইথারের দাম ৪ শতাংশ কমে ৩ হাজার ২০৩ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, চীনের অর্থনীতি চতুর্থ প্রান্তিকে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি। তবে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতার কারণে অস্ট্রেলিয়ান ডলার চাপের মুখে রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






