আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে, খোদ মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে মাত্র দুই ব্লক দূরে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেছে এক বন্দুকধারী। স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই দুই সেনার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্মকর্তারা। হামলাকারী একজন আফগান নাগরিক বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনের মেট্রোপলিটান পুলিশের সহকারী প্রধান জেফ ক্যারোল জানান, হামলাকারী এক কোণা থেকে এসেই হঠাৎ ওয়েস্ট ভার্জিনিয়ার দুই সেনাকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। এটি ছিল সম্পূর্ণ অতর্কিত হামলা। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে উপস্থিত ন্যাশনাল গার্ডের অন্য সেনারা দ্রুত এগিয়ে আসেন এবং হামলাকারীকে লক্ষ্য করে অন্তত চারবার গুলি করে তাকে নিবৃত করেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারীর নাম রহমানউল্লাহ লাকানওয়াল (২৯)। তিনি একজন আফগান নাগরিক। বর্তমানে তাকেও আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার অবস্থা গুরুতর নয়।
ঘটনার সময় ফ্লোরিডায় অবস্থানরত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামলাকারী ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তিনি হামলাকারীকে ‘কঠোরতম’ শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এই ঘটনার জেরে ট্রাম্প বাইডেন প্রশাসনের অভিবাসন নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “জো বাইডেনের শাসনামলে যেসব আফগান আমাদের দেশে এসেছে, আমাদের তাদের অবশ্যই পুনঃপরীক্ষা (re-vetting) করতে হবে।”
বাংলাফ্লো/এফআইআর






