বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের পাঁচ মামলার আসামি মো. ফারুককে (৩৩) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তুরাগ থানার ১৫ নম্বর সেক্টরের ৩/বি রোডে হিমালয় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ফারুক তুরাগ এলাকার তালিকাভুক্ত ও চিহ্নিত চাঁদাবাজ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, ফারুকের বিরুদ্ধে তুরাগ ও উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজি, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন ধারায় পাঁচটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে তুরাগ থানা এলাকা ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












