স্পোর্টস ডেস্ক
ঢাকা: চরম রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দলকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বর্তমান পরিস্থিতিতে দেশটিতে ভ্রমণ করলে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি। অন্যদিকে, ইরানের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন যে বর্তমান যুদ্ধাবস্থায় তাদের দল বিশ্বকাপে অংশ নেওয়ার মতো পরিস্থিতিতে নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপে ইরান দলকে স্বাগত জানান। তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে ইরানি দলের নিরাপত্তা ও জীবনের ঝুঁকির বিষয়টিও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।
মার্কিন বিমান হামলার পর থেকেই ইরানি কর্মকর্তারা বিশ্বকাপে অংশ না নেওয়ার কথা বলে আসছিলেন। দেশটির ক্রীড়ামন্ত্রীও সদ্য জানিয়েছেন যে, এই পরিস্থিতিতে বিশ্বকাপে খেলার মতো মানসিক বা শারীরিক অবস্থায় নেই দল।
এমন যুদ্ধাবস্থা ও উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ কীভাবে বিশ্বকাপ আয়োজন করছে, সে বিষয়ে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে (FIFA) প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
এই উত্তেজনার মাঝেই হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাল্টাপাল্টি মন্তব্য ও উত্তেজনার পরও ইরান ফুটবল ফেডারেশন বা ফিফার পক্ষ থেকে এখনো ইরানের অংশগ্রহণ বা বাতিলের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি।
বাংলাফ্লো/এফআইআর






