বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাবার কবরে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর জিয়া উদ্যানে (চন্দ্রিমা উদ্যান) অবস্থিত শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তিনি। বাবার কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাতের সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়, এ সময় তারেক রহমানকে অশ্রুসজল চোখে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে তিনি মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। মোনাজাত শেষে বাবার কবরের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন বিএনপির এই শীর্ষ নেতা। দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে ২০০৬ সালের ১ সেপ্টেম্বরের পর আর বাবার কবরে আসার সুযোগ হয়নি তার। আজ সেই সুযোগ পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। ‘জিয়া তোমায় মনে পড়ে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, বিজিবি ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।
এর আগে গতকাল ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে তার।
বাংলাফ্লো/এফআইআর






