আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: তামিলনাড়ুর ২৩৪ জন বিধায়কের (এমএলএ) জন্য সরকারি গাড়ি প্রদান এবং জ্বালানি ও ব্যক্তিগত সচিবের খরচ বাবদ বিশেষ ভাতা ঘোষণার খবরকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। ভিসিকে বিধায়ক জ্যোতিমানির দাবির প্রেক্ষাপটে এমন ঘোষণা এসেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রস্তাবিত হিসাব অনুযায়ী, প্রতি বিধায়ককে একটি করে সরকারি গাড়ি প্রদান করা হবে। এর পাশাপাশি গাড়ি চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ প্রতি মাসে ৭৫ হাজার রুপি ভাতা এবং সরকারি দাপ্তরিক কাজ সঠিকভাবে পরিচালনার জন্য ব্যক্তিগত সচিব নিয়োগের উদ্দেশ্যে প্রতি মাসে আরও ২৫ হাজার রুপি করে অনুদান দেওয়া হবে।
বিধানসভায় এই সিদ্ধান্তের পক্ষে বলা হয়, বিধায়কদের নিজ নিজ এলাকায় যাতায়াত সহজ করতে এবং জনগণের সমস্যা সমাধানের সুবিধার্থে এই সরকারি যানবাহন দেওয়া হবে। এটি একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা গঠনে ভূমিকা রাখবে। বিশেষ করে নতুন ও সাধারণ পটভূমি থেকে উঠে আসা বিধায়কদের কাজের সুবিধার কথা বিবেচনায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই ঘোষণাকে ঘিরে বিধানসভার ভেতরে ও বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ক্ষমতাসীন ও মিত্র দলগুলোর পক্ষ থেকে এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। কংগ্রেস বিধায়ক তারাগাই কাথবার্ট এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেন যে, এটি সব বিধায়কের জন্যই আনন্দদায়ক। শিক্ষামন্ত্রী রাজ মোহন মন্তব্য করেন, এই উদ্যোগ বিধায়কদের কাজের গতি বাড়াবে এবং ড্রাইভার ও সচিবদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। তবে বিরোধী দল ডিএমকে এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে একে ‘অপ্রয়োজনীয় ব্যয়’ হিসেবে আখ্যা দিয়েছে। দলের মুখপাত্র এ. সারভানান প্রশ্ন তুলেছেন, ২৩৪ জন বিধায়ককে গাড়ি প্রদান এবং প্রতি মাসে বিশাল অঙ্কের ভাতা দেওয়া রাজ্যের কোষাগারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে, যার আদৌ কোনো প্রয়োজন ছিল না।
বাংলাফ্লো/এম এইচ এইচ











