আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যার এই ঘটনাকে দেশটির গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রেল বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্পেনের রেল কর্তৃপক্ষ অ্যাডিফ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে। এ সময় উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে সেটিও লাইনচ্যুত হয়। দুই ট্রেনে সব মিলিয়ে চার শতাধিক যাত্রী ছিলেন। আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত ৭৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ৪ শিশুসহ ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
উদ্ধারকাজ সম্পর্কে কর্ডোবা অঞ্চলের ফায়ার সার্ভিস প্রধান ফ্রান্সিসকো কারমোনা বলেন, ‘বগিগুলো দুমড়েমুচড়ে যাওয়ায় উদ্ধারকাজ অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ধাতব পাতের নিচে মানুষ আটকা পড়ে আছে।’ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে ‘গভীর বেদনার রাত’ হিসেবে উল্লেখ করেছেন। পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে ঘটনাটিকে ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার জেরে মাদ্রিদ ও আন্দালুসিয়ার সব রেল পরিষেবা সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






