বিনোদন ডেস্ক
ঢাকা: প্রযুক্তির অপব্যবহারের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তার ছবি ও ভিডিও বিকৃতি এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে ওইসব আপত্তিকর কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।
শিল্পা শেঠির দায়ের করা অভিযোগে বলা হয়েছে, তার অনুমতি ছাড়াই এআই বা ডিপফেক প্রযুক্তির সহায়তায় তার চেহারা, কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি হুবহু নকল করা হয়েছে। এর মাধ্যমে অসংখ্য বিকৃত ছবি, অশ্লীল ভিডিও এবং ডিজিটাল বই তৈরি করে ওয়েব প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে তার ব্যক্তিগত জীবন, সামাজিক সম্মান এবং ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মামলার শুনানিকালে বিচারপতি অদ্বৈত শেঠনা বিষয়টিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ হিসেবে অভিহিত করেন। আদালত তার পর্যবেক্ষণে জানায়, নারী বা পুরুষ—কাউকেই এভাবে জনসমক্ষে হেনস্তা করার অধিকার কারও নেই। অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন এভাবে প্রকাশ্যে আনা বা বিকৃত করা দণ্ডনীয় অপরাধ।
শিল্পা শেঠির আইনজীবীর জমা দেওয়া বিকৃত ছবির স্ক্রিনশট ও ভিডিওর প্রমাণ পর্যালোচনার পর আদালত গুগল, মেটা, এক্স (সাবেক টুইটার) সহ সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে অবিলম্বে সেই সব আপত্তিকর লিঙ্ক ও ভিডিও মুছে ফেলার নির্দেশ দিয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






