বিনোদন ডেস্ক
ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাওয়া মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’–র টিজার অবশেষে প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে প্রকাশ পাওয়া এই ‘প্রি-ব্লাস্ট’-এ শক্তিমান অভিনয়শিল্পীদের দারুণ কাস্টিং ও নজরকাড়া লুকের আভাস মিললেও, দুর্বল ভিএফএক্স (VFX) বা স্পেশাল ইফেক্টসের কারণে দর্শকদের মাঝে ব্যাপক হতাশা ও সমালোচনার জন্ম দিয়েছে।

১ মিনিট ২৯ সেকেন্ডের টিজারে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার রূপে শাকিব খানকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে। একটিতে লম্বা চুল ও সানগ্লাসে অ্যাকশন মুড, অন্যটিতে ছোট কোঁকড়া চুল ও ডেনিম জ্যাকেটে তিনি হাজির হয়েছেন। এটি অতীত কাহিনি নাকি দ্বৈত চরিত্র, তা নিয়ে দর্শকমহলে কৌতূহল তৈরি হয়েছে।

দুই নায়িকার মধ্যে তাসনিয়া ফারিণকে চিন্তিত ও রহস্যময় রূপে এবং কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডুকে প্রাণোচ্ছল রূপে দেখা গেছে। এছাড়াও ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে নির্দয় খলনায়ক এবং লোকনাথ দে-কে চতুর গ্যাং লিডার হিসেবে দারুণ মানিয়েছে বলে দর্শকরা প্রশংসা করেছেন।

কাস্টিং ও লুকের এই ইতিবাচক দিকগুলো ম্লান হয়ে গেছে টিজারের শেষভাগের অত্যন্ত দুর্বল ভিএফএক্সের কারণে। শাকিব খানের হাতে থাকা মিনিগান থেকে বৃষ্টির মতো গুলি ছোড়া এবং ভবন ধ্বংসের দৃশ্যটির গ্রাফিক্স দর্শকদের কাছে অত্যন্ত অপরিপক্ব ও দৃষ্টিকটু মনে হয়েছে।

দর্শকরা এই স্পেশাল ইফেক্টসকে ২০১৫ সালের পুরনো সিনেমার মানের সঙ্গে তুলনা করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। নেটিজেনদের মতে, কোটি টাকা বাজেটের সিনেমা হওয়া সত্ত্বেও ‘বরবাদ’, ‘তুফান’ বা ‘তাণ্ডব’-এর মতো সমসাময়িক সিনেমার টিজারের তুলনায় ‘প্রিন্স’-এর টিজার একেবারেই জমেনি।
নির্মাতা আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ প্রমুখ। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মনোরম লোকেশনে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






