বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে থাকা বলিউড অভিনেতা শরদ কাপুর সম্প্রতি নানা শারীরিক জটিলতা ও তীব্র আর্থিক সংকটে চরম দুঃসময় পার করছেন। অভাবের তাড়নায় নিজের প্রিয় চারটি পোষা কুকুরকেও বিদায় জানাতে বাধ্য হয়েছেন তিনি। তার সেই অসহায়ত্বের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে পুরো বলিউড।
প্রিয় সহকর্মীর এই দুর্দশার খবর শুনে প্রথমেই তার সঙ্গে দেখা করতে ও চিকিৎসার ব্যবস্থা করতে ছুটে যান মানবিক অভিনেতা সনু সুদ। এবার শরদ কাপুরের খোঁজ নিতে নিজেই ফোন করলেন বলিউড বাদশা শাহরুখ খান, যা অভিনেতাকে নতুন করে আশার আলো দেখিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানের সঙ্গে হওয়া সেই আবেগঘন কথোপকথনের কথা তুলে ধরেন শরদ। তিনি জানান, শাহরুখ তাকে ফোন করে বলেছেন, ‘তুমি যা পছন্দ করো এবং যা করতে চাও, তাই করো; আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত।’ পাশাপাশি তিনি শিগগিরই আরিয়ান খানের সঙ্গে দেখা করবেন বলেও জানান।
উল্লেখ্য, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত মনসুর খানের জনপ্রিয় সিনেমা ‘জোশ’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও শরদ কাপুর। সেই সিনেমায় শাহরুখের ‘ম্যাক্স’ চরিত্রের বিপরীতে খলনায়ক ‘প্রকাশ’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন শরদ। দীর্ঘ ২৬ বছর পেরিয়ে গেলেও শাহরুখের সেই আন্তরিকতা এতটুকু কমেনি বলে আবেগাপ্লুত হয়ে জানান তিনি।
শুধু শাহরুখ খান বা সনু সুদই নন, শরদ কাপুরের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বলিউডের আরও বেশ কয়েকজন প্রথম সারির তারকা। ইতিমধ্যেই সালমান খান তার প্রতি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এ ছাড়া নির্মাতা রোহিত শেঠি ও আহমেদ খান, মেগাস্টার অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, রাজপাল যাদব এবং প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার ফোন করে শরদের শারীরিক ও মানসিক খোঁজখবর নিয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












