আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে প্রায় ৫০০ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। অর্থনৈতিক সংকটের জেরে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই সরকার পতনের আন্দোলনে রূপ নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ৮ জানুয়ারি ইন্টারনেট বন্ধ করে অভিযান চালানোর পর পরিস্থিতির অবনতি ঘটে। সবচেয়ে বেশি রক্তক্ষয়ী সংঘাত হয়েছে উত্তর-পশ্চিম ইরানের কুর্দিশ অঞ্চলে। কর্মকর্তার দাবি, ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজেরা’ নিরীহ ইরানিদের ওপর হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের অস্ত্র ও সহায়তা দিয়েছে ইসরায়েল এবং বিভিন্ন বিদেশি সশস্ত্র গোষ্ঠী।
এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বিপুল প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন। অন্যদিকে, মানবাধিকার সংস্থা এইচআরএএনএ (HRANA) জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৩,৩০৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে এবং আরও ৪,৩৮২ জনের মৃত্যুর তথ্য যাচাই-বাছাই করছে।
বাংলাফ্লো/এফআইআর






