লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত শরীরে এনে দেয় দারুণ প্রশান্তি। আর সেই শরবতটি যদি হয় টক-ঝাল-মিষ্টি স্বাদের তেঁতুলের শরবত, তবে তো কথাই নেই! পানিশূন্যতা দূর করা থেকে শুরু করে হজমশক্তি বাড়াতে এবং শরীর ঠান্ডা রাখতে এই পানীয় অত্যন্ত কার্যকরী। চলুন জেনে নিই খুব সহজেই তেঁতুলের শরবত তৈরির পদ্ধতি ও এর পুষ্টিগুণ।
তেঁতুলের শরবত তৈরির রেসিপি ও স্বাস্থ্যগুণ:
প্রয়োজনীয় উপকরণ: ৫-৬টি তেঁতুল, আধা কাপ চিনি (বা গুড়), স্বাদমতো লবণ, আধা চা-চামচ বিট লবণ, আধা চা-চামচ চিলি ফ্লেক্স (বা মরিচের গুঁড়া) এবং প্রয়োজনমতো বরফকুচি। স্বাদ বাড়াতে সামান্য ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করা যেতে পারে।
প্রস্তুত প্রণালি: প্রথমে তেঁতুল ধুয়ে একটি পাত্রে পরিমাণমতো পানি দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ভালোভাবে কচলে তেঁতুলের মাড় বা ক্বাথ বের করে নিন এবং দানা ও ময়লা ছেঁকে ফেলুন। এবার এই ক্বাথের সঙ্গে বাকি সব উপকরণ পরিমাণমতো পানি ও বরফকুচি দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের তেঁতুলের শরবত।
অসাধারণ স্বাস্থ্যগুণ: গরমের কারণে শরীর থেকে ঘামের সঙ্গে যে পানি বেরিয়ে যায়, তার ঘাটতি পূরণে তেঁতুলের শরবত দারুণ উপকারী। এছাড়া তেঁতুলে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং শর্করার শোষণ কমিয়ে পরোক্ষভাবে ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।
সতর্কতা: মাত্রাতিরিক্ত তেঁতুল খেলে রক্তে সিরাম গ্লুকোজের মাত্রা অতিরিক্ত কমে গিয়ে ‘হাইপোগ্লাইসেমিয়া’ হতে পারে। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, দিনে ১০ গ্রামের বেশি তেঁতুল খাওয়া উচিত নয়; বিশেষ করে ডায়াবেটিস রোগীদের এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা জরুরি।
বাংলাফ্লো/এফআইআর






