বিনোদন ডেস্ক
ঢাকা: আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। পরপর দুটি পোস্টার প্রকাশের মাধ্যমে তিনি তার নতুন চলচ্চিত্র ‘প্রেশার কুকার’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ঢালিউডের গতানুগতিক নায়ক-নির্ভর বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ নারীপ্রধান ও ভিন্নধর্মী একটি গল্প নিয়ে পর্দায় আসছেন এই নির্মাতা, যা ইতোমধ্যেই দর্শক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
‘প্রেশার কুকার’ সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন চারজন নারী—শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। পোস্টারে তাদের আভিজাত্য ও রহস্যময় লুক নেটিজেনদের কাছে বলিউডের ‘হীরামান্ডি’র আবহ তৈরি করেছে। নির্মাতা জানান, ঢাকা শহরে নারীদের প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াইয়ের প্রেক্ষাপটেই এই হাইপারলিঙ্ক গল্পটি সাজানো হয়েছে। এই শহরটি নারীদের জন্য এক ধরনের ‘প্রেশার কুকার’, যেখানে জমে থাকা নীরব আর্তনাদ সহ্য করতে না পেরেই যেন গল্পের ‘সিটি’ বেজে ওঠে।

সিনেমাটি নিয়ে রায়হান রাফী জানান, এটি তার হৃদয়ের খুব কাছের একটি গল্প। দর্শকদের সবসময় নতুন কিছু দেওয়ার তাড়না থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। ‘পরাণ’-এর পর দর্শকদের দেওয়া সাহসেই তিনি ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো সিনেমা নির্মাণ করতে পেরেছেন। সেই নিরন্তর সমর্থনই তাকে এবার ‘প্রেশার কুকার’-এর মতো ভিন্নধর্মী হাইপারলিঙ্ক গল্প নির্মাণের সাহস জুগিয়েছে। দর্শকদের রুচির পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের দর্শক এখন বিশ্বের সব ধরনের কনটেন্ট দেখে অভ্যস্ত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ঈদে ‘প্রেশার কুকার’ শুধু একটি সিনেমা নয়, এটি হবে বাংলাদেশের নতুন দিনের কমার্শিয়াল চলচ্চিত্রের এক শক্তিশালী ঘোষণা।”
সিনেমাটি কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে সিনেমাটি।
বাংলাফ্লো/এম এইচ এইচ






