স্পোর্টস ডেস্ক
ঢাকা: বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে মে মাসে স্কোয়াড চূড়ান্ত করবে প্রতিযোগী দেশগুলো। নিজেদের সম্ভাব্য শেষ বিশ্বকাপে একমাত্র অধরা শিরোপার খোঁজে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না। তাই মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় আসন্ন বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক ম্যাচে জোর দিচ্ছে তারা।
আগামী ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে ২৩তম বিশ্বকাপ আসরের পর্দা উঠবে। এর ঠিক আগের দিন, অর্থাৎ ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। তবে ম্যাচটির ভেন্যু এখনো জানায়নি পর্তুগিজ ফুটবল ফেডারেশন। এর আগে ৬ জুন লিসবনের ওইরাস ন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের মাঠে চিলির বিপক্ষে একটি বিদায়ী প্রীতি ম্যাচ খেলবে রবার্তো মার্টিনেজের দল। চিলি ও নাইজেরিয়া অবশ্য এবারের বিশ্বকাপে জায়গা পায়নি। এই শেষ দুটি প্রস্তুতি ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা রয়েছে নিষেধাজ্ঞা ও চোটের কারণে গত নভেম্বরের পর আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
সদ্য সমাপ্ত ফিফা মার্চ উইন্ডোতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে পর্তুগাল। বিশ্বকাপের উদ্বোধনী ভেন্যু আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র করার পর, আটলান্টায় আরেক আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ গোলের জয় পায় ২০১৬ সালের ইউরোজয়ীরা।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে ‘কে’ গ্রুপে রয়েছে পর্তুগাল। তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। সূচি অনুযায়ী, ১৭ জুন কঙ্গো এবং ২৩ জুন হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে খেলার পর ২৭ জুন মায়ামিতে কলম্বিয়ার মুখোমুখি হবেন রোনালদো-ফার্নান্দেজরা।
বাংলাফ্লো/এফআইআর






