তিন দফা দাবি না মানায় পূর্ব ঘোষণা অনুযায়ী সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এতে বাধা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনের পর সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেন তারা। এসময় হাইকোর্টের সামনে আটকে দেয় পুলিশ।
শিক্ষক নেতারা জানান, তারা ব্যারিকেড ভাঙবেন না। এসময়য় হাইকোর্টের সামনেই অবস্থান করেন তারা।
মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো শিক্ষক ঢাকার শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দেন।
শিক্ষকদের তিন দফা দাবিগুলো হলো মূল বেতনের ২০ শতাংশ বা ন্যূনতম ৩ হাজার টাকা বাড়িভাড়া ভাতা প্রদান, প্রতি শিক্ষক-কর্মচারীর জন্য ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।
এর আগে মঙ্গলবার দুপুরে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম শহীদ মিনারে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। একই সময়ে জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফোনে কথা বলে লংমার্চ কর্মসূচি স্থগিত রাখার অনুরোধ জানান। শিক্ষক নেতারা তার এই অনুরোধে সাড়া দিয়ে বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দেন।


