আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় ফিলিপাইন চরম জ্বালানি ঝুঁকির মুখে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ফিলিপাইনের প্রয়োজনীয় তেলের ৯৮ শতাংশই পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করা হয়। সংঘাত শুরুর পর গত তিন সপ্তাহে দেশটিতে কয়েক দফা দাম বেড়ে বর্তমানে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে।
জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিত ও সামগ্রিক অর্থনীতি রক্ষায় ফিলিপিনো প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র মঙ্গলবার এক নির্বাহী আদেশে দেশে ‘আসন্ন বিপদের’ কথা জানিয়ে এই জরুরি অবস্থার ঘোষণা দেন।
জ্বালানি তেল, খাদ্য, ওষুধসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুশৃঙ্খল বণ্টন তদারকি করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মজুত বাড়ানোর জন্য সরকারকে সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য কেনার আইনি ক্ষমতা দেওয়া হয়েছে।
দেশটির জ্বালানি মন্ত্রীর মতে, বর্তমান ব্যবহার অনুযায়ী ফিলিপাইনের কাছে আর মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। প্রেসিডেন্টের জারি করা এই আদেশ আপাতত এক বছর পর্যন্ত কার্যকর থাকবে, তবে প্রয়োজন অনুযায়ী তিনি এই সময়সীমা বাড়াতে বা প্রত্যাহার করতে পারবেন।
বাংলাফ্লো/এফআইআর






