জেলা প্রতিনিধি
বরিশাল: ঘরের দোতলা থেকে রশিতে ঝুলিয়ে অভিনব কায়দায় ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মো. এনামুল হাওলাদারকে (৪৫) দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মাদক ব্যবসায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১২ মার্চ) রহমতপুর ইউনিয়ন বিএনপি এই সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগে বুধবার (১১ মার্চ) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জালে হাতেনাতে ধরা পড়েন তিনি।
এনামুল হাওলাদার দীর্ঘদিন ধরে নিজ বাড়ির দোতলায় বসে রশির মাধ্যমে নিচে ইয়াবা সরবরাহ করতেন। ক্রেতারা বাড়ির নিচে এসে দাঁড়ালে তিনি ওপর থেকে রশিতে বেঁধে মাদক নামিয়ে দিতেন। পরিবারের সদস্যদের বাধা উপেক্ষা করেই তিনি এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ডিএনসির সদস্যরা ক্রেতা সেজে এনামুলের বাড়িতে যান। দোতলা থেকে রশির মাধ্যমে ইয়াবা সরবরাহের সময় ডিএনসির আরেকটি দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
ডিএনসি পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন ক্ষুদ্রকাঠী গ্রামে এনামুলের ওই বাড়ি থেকে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এনামুল হাওলাদার রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। মাদক সংশ্লিষ্টতার সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. করিম হাং ও সাধারণ সম্পাদক রাজন সিকদারের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। দপ্তর সম্পাদক মো. নিজাম হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় গ্রেপ্তারকৃত এনামুলের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






