লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: সবাই কর্মক্ষেত্রে সফল হতে চান, কিন্তু গুটিকয়েক মানুষই তা অর্জন করতে পারেন। সফল ও সাধারণ মানুষের মধ্যে মূল পার্থক্য গড়ে দেয় তাদের দৈনন্দিন অভ্যাস। অজান্তেই কিছু ছোটখাটো ভুল বা অভ্যাস আমাদের কর্মদক্ষতা বা প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে। স্মার্টফোন আসক্তি থেকে শুরু করে মাল্টিটাস্কিং—এমন ৪টি অভ্যাসের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা, যা বাদ দিলে লক্ষে পৌঁছানো সহজ হবে।
মাল্টিটাস্কিংয়ের ফাঁদ: বিজ্ঞান বলছে, মাল্টিটাস্কিং বা একই সঙ্গে একাধিক কাজ করলে সাময়িকভাবে আইকিউ ১৫ পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে। কোনো কাজে মনোযোগ বিচ্ছিন্ন হলে পুনরায় ফোকাস করতে মস্তিষ্কের প্রায় ২৩ মিনিট সময় লাগে। তাই সমাধান হিসেবে এক সময়ে একটি কাজ করার (Single-tasking) অভ্যাস গড়ার পরামর্শ দেওয়া হয়েছে। ২১ দিন টানা এটি চর্চা করলে মস্তিষ্ক এতে অভ্যস্ত হয়ে ওঠে এবং কাজের চাপ কমে।
নোটিফিকেশন ও ডিজিটাল আসক্তি: ডিজিটাল যুগে সারাদিন আসা অপ্রয়োজনীয় নোটিফিকেশন কাজের বড় শত্রু। বিশেষজ্ঞরা কাজের সময় ফোন দূরে রাখা বা সাইলেন্ট করার পরামর্শ দেন। কম্পিউটারে কাজ করার সময়ও অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ রাখা জরুরি, যাতে মনোযোগ না সরে।
সকালের রুটিন না থাকা: দিনের শুরুটা এলোমেলো হলে বাকি সময়টাও ভালো যায় না। ভোরে ঘুম থেকে ওঠা, হালকা ব্যায়াম এবং তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে দিন শুরু করলে কাজের ওপর নিয়ন্ত্রণ থাকে।
সাপ্তাহিক পর্যালোচনার অভাব: সফল হতে হলে নিজের কাজের হিসাব রাখা জরুরি। প্রতি সপ্তাহে অন্তত একদিন নিজের অগ্রগতি পর্যালোচনা করা উচিত। এতে ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়ার পথ পরিষ্কার হয়।
বাংলাফ্লো/এফআইআর






