লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: প্রেমের বিচ্ছেদ বা ব্রেকআপ দিনের আলোর মতোই সত্য, কিন্তু এর যন্ত্রণা কাটিয়ে ওঠা সহজ নয়। চিকিৎসকরা বলছেন, বিচ্ছেদ মানে কেবল একটি মানুষকে জীবন থেকে হারিয়ে ফেলা নয়; বরং এটি প্রতিদিনের অভ্যাস, রুটিন এবং দীর্ঘদিনের লালিত স্বপ্ন ভেঙে যাওয়ার মতো ঘটনা। হঠাৎ করে প্রিয় মানুষটির অনুপস্থিতি এবং কথা বলার অভ্যাস বন্ধ হয়ে যাওয়া মেনে নেওয়া অনেকের পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়।
বিশেষজ্ঞদের মতে, বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে একেকজনের একেক রকম সময় লাগে। কেউ বই, গান বা কাজের মাঝে নিজেকে ডুবিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরেন, আবার কেউ বা বছরের পর বছর প্রাক্তনের স্মৃতিতে আটকে থাকেন। বিশেষ করে যেসব সম্পর্কে কোনো সঠিক ‘ক্লোজার’ বা সমাপ্তি ঘটে না এবং অনেক বিষয় অমীমাংসিত থেকে যায়, সেখান থেকে বেরিয়ে আসা বেশি কষ্টকর। এছাড়া যারা নিজেদের চেয়ে সঙ্গীকে বেশি ভালোবাসেন, তাদের ভোগান্তিও দীর্ঘস্থায়ী হয়। তবে সময়ের নিয়মে জীবন তার গতিতে এগিয়ে যায় এবং স্মৃতিগুলো একসময় ঝাপসা হয়ে আসে, যদিও মনের কোনো এক কোণে প্রাক্তনের অস্তিত্ব আজীবন থেকে যেতে পারে।
বাংলাফ্লো/এফআইআর




