স্পোর্টস ডেস্ক
ঢাকা: তিন দিনের ভারত সফর শেষে সোমবার (১৫ ডিসেম্বর) রাতে দিল্লি ত্যাগ করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে যাওয়ার আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেখে গেছেন একরাশ সোনালি স্মৃতি। হাজারো ভক্তের ‘মেসি মেসি’ স্লোগান, সতীর্থদের সঙ্গে খুনসুটি এবং বিসিসিআই ও আইসিসি কর্মকর্তাদের বিশেষ উপহারের মধ্য দিয়ে শেষ হলো তার এই ঐতিহাসিক সফর।
বিকেলে অরুণ জেটলি স্টেডিয়ামে প্রবেশ করতেই গ্যালারিভর্তি নীল জার্সি পরা দর্শকরা মেসিকে রাজকীয় অভিবাদন জানান। মেসি হাসিমুখে হাত নেড়ে তার জবাব দেন। এরপর তিনি সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে নিয়ে মাঠে কিছুক্ষণ বল পায়ে কারিকুরি দেখান এবং গ্যালারিতে বল ছুড়ে দেন। তিনি মিনার্ভা অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গেও কিছুক্ষণ ফুটবল খেলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে আইসিসি প্রধান জয় শাহ মেসির হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সই করা একটি ব্যাট ও জার্সি তুলে দেন। মেসিকে ১০ নম্বর, সুয়ারেজকে ৯ নম্বর এবং ডি পলকে ৭ নম্বর জার্সি উপহার দেওয়া হয়। এছাড়া আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের টিকিটও উপহার দেওয়া হয় মেসিকে।
অনুষ্ঠান শেষে মাইক্রোফোন হাতে মেসি বলেন, “ভারতে এই তিন দিনে যে ভালোবাসা এবং সমর্থন পেলাম, তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা দারুণ কিছু সময় কাটালাম।” বিদায়বেলায় তিনি ভক্তদের নতুন স্বপ্ন দেখিয়ে বলেন, “আপনাদের ভালোবাসা নিয়ে ফিরে যাচ্ছি। আমরা অবশ্যই আবার ভারতে আসব—হয়তো ম্যাচ খেলতে বা অন্য কোনো কারণে। এই কয়েক দিনের অশেষ ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।”
বাংলাফ্লো/এফআইআর






