বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের একাধিক স্থানে পানি উঠে যাওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে এই সড়কে সরাসরি সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার থেকে শুরু হওয়া একটানা বর্ষণে মহালছড়ি উপজেলার চব্বিশ মাইল, মাইসছড়ি ও কেরেঙ্গেনালা এলাকায় সড়ক হাঁটুপানিতে তলিয়ে গেছে। সেচের নালার স্লুইসগেট বন্ধ থাকায় পানি সরতে না পেরে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।
টানা বৃষ্টির কারণে জেলার চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন খাল ও ছড়ার পানি দ্রুত বাড়ছে। মঙ্গলবার দুপুর থেকে জেলা সদর, মহালছড়ি ও দীঘিনালার বিভিন্ন নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যমতে, আজ বেলা ১টা পর্যন্ত গত ১৮ ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিও প্রকট হচ্ছে। তবে দুপুর পর্যন্ত জেলার কোথাও পাহাড়ধসের ঘটনা ঘটেনি। পরিস্থিতি মোকাবিলায় জেলা শহরের শালবন, মোহাম্মদপুর, সবুজবাগ, কুমিল্লা টিলা, কলাবাগানসহ পাহাড়ের ঢালে বসবাসকারী শত শত পরিবারকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানিয়েছেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের জন্য শুষ্ক খাবার ও পর্যাপ্ত সুপেয় পানি মজুত রাখা হয়েছে। এছাড়া বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে এমন এলাকাগুলোর আশপাশের স্কুলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে এবং প্রশাসন নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বাংলাফ্লো/এফআইআর






