আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইসরায়েলকে লক্ষ্য করে গতকাল রাতে দেড় শর বেশি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই ব্যাপক রকেট হামলার পর লেবানন সরকার হিজবুল্লাহকে থামাতে ব্যর্থ হলে পুরো লেবানন দখলের কড়া হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলার পরিধি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর এই বড় রকেট হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। তারা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়েহ শহর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট ও সরকারের উদ্দেশে কড়া বার্তা দিয়ে ইসরায়েল কাৎজ বলেন, “যদি লেবানন সরকার না জানে কীভাবে নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে হয় এবং হিজবুল্লাহকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালানো থেকে বিরত রাখা যায়, তাহলে আমরা ভূখণ্ড দখল করে নিজেরাই সেটি করব।”
ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেখানে শান্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে লেবাননের ভেতরে হামলার পরিধি ও তীব্রতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
বাংলাফ্লো/এফআইআর






