বিনোদন ডেস্ক
ঢাকা: টলিউডের রূপালি পর্দা থেকে রাজনীতির ময়দান—সবখানেই সমান জনপ্রিয় সুপারস্টার দেব। এবার তার অর্জনের মুকুটে যুক্ত হলো নতুন এক পালক। ভারতের ডাক বিভাগ এই অভিনেতার সম্মানে একটি বিশেষ ডাকটিকিট প্রকাশ করেছে। শনিবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই আনন্দের সংবাদ শেয়ার করেছেন দেব।
শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল উৎসবে এই বিশেষ ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জীবদ্দশায় এমন বিরল সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। ডাকটিকিটের ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ভারতীয় ডাক বিভাগকে আন্তরিক ধন্যবাদ। আমি সত্যিই কল্পনাও করতে পারিনি।’
জনগণের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতিকে নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করে দেব বলেন, ‘একজন মানুষ হিসেবে এই সম্মান আমার কাছে চরম পাওয়া। আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ থাকব।’ বাণিজ্যিক সিনেমা হোক বা ভিন্নধারার গল্প—সবখানেই নিজের দক্ষতা প্রমাণ করা এই নায়কের এমন অর্জনে উচ্ছ্বসিত তার ভক্তরা। বিশেষ করে ঘাটালবাসী তাদের প্রিয় সাংসদের এই সম্মানে আনন্দে ভাসছে।
বাংলাফ্লো/এফআইআর






