শিক্ষা ডেস্ক ঢাকা: ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনে ছাত্রদের সংখ্যা বেশি।
ঘোষিত ফলাফলে দেখা যায়, মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন, যেখানে ছাত্র উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। সামগ্রিকভাবে ছাত্রীদের পাসের হার দাঁড়িয়েছে ৫৬.৩১ শতাংশে, আর ছাত্রদের ক্ষেত্রে এই হার মাত্র ৪৭.৭৫ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৮.৫৬ শতাংশ পয়েন্ট বেশি।
এদিকে সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে ছাত্ররা। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। অর্থাৎ ছাত্রীরা পাসের হারে বড় ব্যবধানে এগিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে ছাত্রদের চেয়ে ৬৪২ জন পিছিয়ে রয়েছে। তবে গত বছর জিপিএ-৫ পেয়েছিল মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সেই তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন, যা শতকরা হিসেবে প্রায় ৪২ শতাংশ কম।
বোর্ডভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ১৫৫ জন এবং ছাত্রী ১৭ হাজার ৭৯৩ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন, যার মধ্যে ছাত্র ২ হাজার ২৮ জন ও ছাত্রী ১ হাজার ২২২ জন। তবে কারিগরি শিক্ষা বোর্ডে ছাত্রীদের বড় জয়জয়কার দেখা গেছে; মোট ৮৮৬টি জিপিএ-৫-এর মধ্যে ছাত্রী ৭০৬ জন এবং ছাত্র মাত্র ১৮০ জন।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট (eduboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফলাফল ও পূর্ণাঙ্গ মার্কশিট সংগ্রহ করতে পারছে। এছাড়া ফলাফলে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












