ভারতের মধ্যপ্রদেশের ভোপালে দীপাবলির উৎসব পরিণত হয়েছে এক মর্মান্তিক ঘটনায়। কার্বাইড গান বিস্ফোরণে অন্তত ৬০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু। কয়েকজন শিশু দৃষ্টিশক্তি হারিয়েছে, আর অনেকের মুখ ও চোখে মারাত্মক দগদগে ক্ষত তৈরি হয়েছে।
আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বুধবার রাতে ও বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ভোপালের বিভিন্ন হাসপাতালে আহতদের ভর্তি করা হয়। শহরের প্রধান সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিক মিলিয়ে এখন পর্যন্ত ১৫০টিরও বেশি এমন ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে।
স্থানীয় চিকিৎসক ড. মনীশ শর্মা বলেন, এই গানগুলো অত্যন্ত বিপজ্জনক। বর্তমানে প্রায় ৬০ জন আহত হাসপাতালে চিকিৎসাধীন। যদিও কারও প্রাণহানি ঘটেনি, তবে কয়েকজন শিশুর চিরতরে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।
আহত শিশুদের পরিবার অভিযোগ করেছে, বিপজ্জনক এই খেলনা অস্ত্র বিক্রির বিরুদ্ধে প্রশাসন সময়মতো ব্যবস্থা নেয়নি। অথচ মুখ্যমন্ত্রী মোহন যাদব ১৮ অক্টোবরই জেলার ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন কার্বাইড গান বিক্রি বন্ধের জন্য। কিন্তু সেই নির্দেশ অমান্য করে দীপাবলির সময় শহরের স্থানীয় বাজারে এই মারাত্মক খেলনা সহজলভ্য ছিল বলে জানিয়েছেন অভিভাবকরা।
এই তথাকথিত কার্বাইড গান তৈরি হয় সাধারণ প্লাস্টিক পাইপ, গ্যাস লাইটার ও ক্যালসিয়াম কার্বাইড দিয়ে। পানি পড়লে কার্বাইড থেকে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়, যা আগুনের সংস্পর্শে বিস্ফোরিত হয়। এতে পাইপের টুকরো ছিটকে তীব্র বেগে বেরিয়ে এসে চোখ, মুখ ও ত্বকে ক্ষত সৃষ্টি করে-অনেকটা বোমার মতো প্রভাব ফেলে।
ড. শর্মা জানিয়েছেন, জেলা প্রশাসন অবৈধভাবে তৈরি ও বিক্রি হওয়া কার্বাইড গান বন্ধে অভিযান শুরু করেছে। ইতিমধ্যে কয়েকটি দোকান সিল করা হয়েছে এবং কয়েকজন বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


