জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য ‘হারাম’। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বুখারি শরীফ খতম উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। এ সময় মঞ্চে তার পাশে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের ভিডিওতে দেখা যায়, হেফাজত আমির বিএনপি প্রার্থীকে নির্দেশ করে বলছেন, ‘‘উনাকে সামনে রেখে আমরা মওদুদীর জামায়াতের সঙ্গে ‘জিহাদ’ করছি। আমি নির্বাচন বুঝি না, এটি জিহাদ।’’ তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, সমস্ত মুসলমানদের জানিয়ে দিতে হবে যে জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নয়। জামায়াতকে ‘রগ কাটার গোষ্ঠী’ আখ্যা দিয়ে বাবুনগরী হুঁশিয়ারি দেন, ‘‘জামায়াত ক্ষমতায় এলে ইসলামের গোড়া এবং ঈমানের ভিত্তি কেটে যাবে।’’
বাংলাফ্লো/এফআইআর





