জেলা প্রতিনিধি
খুলনা: খুলনার বাজারে মাত্র দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দামে বড় ধরণের উল্লম্ফন দেখা গেছে। কেজিতে এক লাফে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত দাম বাড়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নগরীর খালিশপুর, দৌলতপুর, ময়লাপোতা, রূপসা ও শেখপাড়াসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ বর্তমানে ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা অভিযোগ করছেন, গত বুধবারও তাঁরা ১১০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন। কিন্তু শুক্রবার বাজারে এসে দেখেন দাম ১৪০ ছাড়িয়ে গেছে। খালিশপুরের ক্রেতা আহসান উল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন প্রয়োজন হয় এমন পণ্যের দাম একলাফে ৩০ টাকা বেড়ে যাওয়াটা স্বাভাবিক নয়। এটা ব্যবসায়ীদের কারসাজি কি না, তা খতিয়ে দেখা উচিত।”
আলী হোসেন নামের আরেক ক্রেতা বলেন, “বাজারে এসেছিলাম বাজার করতে, কিন্তু পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা বেশি চাওয়ায় পেঁয়াজ না কিনেই ফিরে যাচ্ছি।”
ব্যবসায়ীরা দাম বাড়ার পেছনে ‘সরবরাহ সংকট’ ও ‘পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি’কে দায়ী করছেন।
রূপসা বাজারের বিক্রেতা মো. মজনু জানান, তিন দিন আগে ৯০ টাকায় কেনা পেঁয়াজ তিনি ১০০-১০৫ টাকায় বিক্রি করেছিলেন। কিন্তু শুক্রবার পাইকারি বাজারেই তাঁকে কেজিতে ৪০ টাকা বেশি গুনতে হয়েছে, তাই এখন ১৪৫ টাকায় বিক্রি করতে হচ্ছে।
খালিশপুর চিত্রালী বাজারের বিক্রেতা মাসুদ আসিফ বলেন, “সরবরাহ কম থাকায় বৃহস্পতিবার রাত থেকে দাম বেড়েছে। তবে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে, শীঘ্রই দাম কমবে বলে আশা করছি।”
ক্রেতাদের দাবি, নতুন পেঁয়াজ বাজারে আসার খবরে দাম কমার কথা থাকলেও উল্টো বাড়ছে, যা সিন্ডিকেটের কারসাজি ছাড়া আর কিছুই নয়। প্রশাসনের তদারকির অভাবে বাজার অস্থিতিশীল হয়ে উঠছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
বাংলাফ্লো/এফআইআর






