স্পোর্টস ডেস্ক
ঢাকা: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮টি দল চূড়ান্ত হওয়ার পর শেষ ধাপের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে ফিফা। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থাটি শুরুতেই কারিগরি জটিলতার মুখে পড়েছে। ফলে টিকিট কাটতে গিয়ে ফুটবলভক্তদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। শেষ ধাপের এই টিকিটে কোন ম্যাচে কোন ক্যাটাগরির মূল্য কত থাকছে, সেটিও এখনো স্পষ্ট করে জানায়নি ফিফা। বার্তাসংস্থা এপি জানিয়েছে, ‘শেষ মুহূর্তের বিক্রয় পর্ব’-তে ক্লিক করার পর সমর্থকদের একটি অংশকে ভুলক্রমে ‘পিএমএ লেট কোয়ালিফায়ার সাপোর্টার্স সেলস ফেজ’-এর সারিতে নিয়ে যাওয়া হয়। পরে ফিফা দাবি করেছে যে লিংকটি ঠিকঠাক কাজ করছে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের মোট ১০৪ ম্যাচের অবিক্রীত সব টিকিটের তথ্য একসঙ্গে দেওয়া হবে না, বরং পর্যায়ক্রমে ছাড়া হবে। বর্তমানে টিকিট বিক্রির পঞ্চম ও চূড়ান্ত ধাপ চলছে। এই পর্বে প্রথমবারের মতো ক্যাটাগরি নির্বাচনের বদলে সরাসরি নির্দিষ্ট আসন বেছে নেওয়ার সুযোগ থাকছে। তবে টিকিটের ‘ডায়নামিক প্রাইসিং’ বা পরিবর্তনশীল মূল্য পদ্ধতির কারণে একই ভেন্যুতে বিভিন্ন ক্যাটাগরির টিকিটমূল্যে বিস্তর পার্থক্য থাকছে। টিকিটের দাম ১৪০ ডলার থেকে ৮৬৮০ ডলার পর্যন্ত নির্ধারিত হলেও, সমালোচনার মুখে প্রতিযোগী দেশগুলোর একনিষ্ঠ সমর্থকদের জন্য ৬০ ডলার মূল্যের ৪০০-৭০০টি টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে।
গত মঙ্গলবার ও বুধবার প্লে-অফ পর্বের মাধ্যমে বিশ্বকাপের মূলপর্বে খেলা চূড়ান্ত হয়েছে শেষ ৬ দলের। প্লে-অফ থেকে বিশ্বকাপে উঠেছে বসনিয়া-হার্জেগোভিনা, চেক রিপাবলিক, তুরস্ক, সুইডেন, ডিআর কঙ্গো এবং আন্তঃমহাদেশীয় ফাইনালে বলিভিয়াকে হারিয়ে জায়গা করে নেওয়া ইরাক। তবে সবচেয়ে বড় দুঃসংবাদ হলো, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
এদিকে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, টিকিটের বিপুল চাহিদা যেন ‘একসঙ্গে ১ হাজার বছরের বিশ্বকাপের সমান’। মেগা এই ইভেন্টের ১০৪টি ম্যাচই কানায় কানায় পূর্ণ হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তবে টিকিটের চড়া মূল্য নির্ধারণ নীতির কারণে ফিফা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এমনকি ইউরোপীয় কমিশনে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইউরোপের ফুটবল ভক্তদের একটি সংগঠন।
বাংলাফ্লো/এফআইআর






