বিনোদন ডেস্ক
ঢাকা: ৫৬ বছর বয়সেও কীভাবে এমন সুঠাম ও ছিপছিপে শারীরিক গঠন ধরে রেখেছেন ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই চিরসবুজ থাকার গোপন রহস্য ফাঁস করলেন ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত এই অভিনেতা। তিনি জানালেন, দীর্ঘ ১৪ বছর ধরে তিনি রাতে কোনো খাবার খান না। এমনকি দুপুরের খাবারের পর তাঁর বাড়ির রান্নাঘরে রীতিমতো তালা পড়ে যায়।
মনোজ বাজপেয়ী জানান, ফিটনেস বজায় রাখতে এবং সুস্থ থাকার জন্য তিনি এই কঠোর খাদ্যাভ্যাস বেছে নিয়েছেন। তিনি দিনের বেলা নাশতা এবং দুপুরের খাবার পর্যাপ্ত পরিমাণে খেলেও, বিকেল ৩টার পর থেকে পরবর্তী ১২ ঘণ্টা আর কোনো খাবার মুখে তোলেন না।
তিনি বলেন, “প্রায় ১৪ বছর ধরে রাতে আমি খাই না। দুপুরে খাবারের পর আমাদের বাড়ির রান্নাঘর বন্ধ হয়ে যায়।”
এই অভ্যাসের পেছনের অনুপ্রেরণা হিসেবে তিনি তাঁর দাদুর কথা উল্লেখ করেন। তিনি তাঁর দাদুর ছিপছিপে শরীর এবং সুস্বাস্থ্য দেখে অনুপ্রাণিত হয়েই রাতের খাবার এড়িয়ে চলার সিদ্ধান্ত নেন। তবে, তাঁর মেয়ে যখন বাড়িতে আসে, তখনই কেবল এই কঠোর নিয়মের কিছুটা ব্যতিক্রম ঘটে এবং নৈশভোজের আয়োজন করা হয়।
‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে নতুন করে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা, তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করছেন। ৫৬ বছর বয়সেও তাঁরুণ্য ধরে রাখার মূল চাবিকাঠি হিসেবে এই ‘নো ডিনার’ নীতিকেই মনে করছেন অনেকে।
বাংলাফ্লো/এফআইআর






